Nabadhara
ঢাকাসোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দৌলতপুর
  15. ধর্ম
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে যুবদল নেতার বাড়ি থেকে চোরাই ট্রাক উদ্ধার, তোলপাড়; নেতা বহিষ্কার

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ১৬, ২০২৬ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীর সোনাগাজীতে উপজেলা যুবদলের সদস্য সচিব ইমাম হোসেন পবিরের গ্রামের বাড়ি থেকে একটি চোরাই ট্রাকের যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। তবে এ ঘটনায় নিজের সম্পৃক্ততা অস্বীকার করে প্রতিপক্ষের ষড়যন্ত্রের শিকার দাবি করেছেন পবির।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ৮ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের ইপিজেড এলাকা থেকে হারুনুর রশিদের মালিকানাধীন একটি মিনি ট্রাক চুরি হয়। পরে ওই ট্রাকটি সোনাগাজীতে এনে যুবদল নেতা পবিরের গ্রামের বাড়িতে রাখা হয় এবং যন্ত্রাংশ খুলে ফেনী শহরের লালপুল এলাকায় একটি গ্যারেজে বিক্রির চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ১৪ ফেব্রুয়ারি রাতে সোনাগাজী মডেল থানা পুলিশ মো. ইউনুস ডালিম (৪০) নামে এক ট্রাকচালককে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ট্রাকটি চুরি করে পবিরের বাড়িতে রাখার এবং তার ভাই আইভীর সহযোগিতায় যন্ত্রাংশ খুলে বিক্রির কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানায়।

এ ঘটনায় ট্রাকের মালিক ১৫ ফেব্রুয়ারি চট্টগ্রাম ইপিজেড থানায় মামলা দায়ের করেন। পরদিন ১৬ ফেব্রুয়ারি সকালে চট্টগ্রাম ইপিজেড থানা ও সোনাগাজী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে পবিরের বাড়ি থেকে ট্রাকটির অবশিষ্ট যন্ত্রাংশ উদ্ধার করা হয়। এ খবর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।

দুপুরে সংবাদ সম্মেলনে ইমাম হোসেন পবির দাবি করেন, তিনি দীর্ঘদিন ধরে ওই বাড়িতে থাকেন না এবং আটককৃত ব্যক্তিকেও তিনি চেনেন না। শুধু বিএনপি রাজনীতির কারণে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে তিনি অভিযোগ করেন।

এদিকে বিকেলে কেন্দ্রীয় যুবদলের সহ-দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঞা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পবিরকে দলের প্রাথমিক সদস্যপদসহ বহিষ্কার করা হয়। জেলা যুবদল নেতারা জানান, ঘটনার সঙ্গে তার সম্পৃক্ততা আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, আটক ট্রাকচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তে অন্যদের সম্পৃক্ততা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পবিরের ভাই আইভীর ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ থাকায় তার বক্তব্য পাওয়া যায়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।