ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি-০১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের বিএনপি মনোনীত নবনির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামালের একটি বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে তিনি দাঁড়িপাল্লা প্রতীকের ভোটারদের “জারজ সন্তান” আখ্যা দিয়েছেন। ১৩ ফেব্রুয়ারি শুক্রবার উত্তমপুর বাজারে একটি সভায় এ মন্তব্য করার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
জেলা জামায়াতে ইসলামী এ ধরনের কুরুচিপূর্ণ ও অশালীন ভাষার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে এক বিবৃতি প্রকাশ করেছে। জেলা জামায়াতের প্রচার বিভাগের দায়িত্বে নাজমুল হাসান স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি জেলা সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হকের মাধ্যমে নিশ্চিত করা হয়।
বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ সংবিধান প্রতিটি নাগরিককে স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিয়েছে। ভোট দেওয়ার কারণে কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা বা তার বংশপরিচয় নিয়ে মন্তব্য করা চরম ধৃষ্টতা ও গণতান্ত্রিক অধিকারবিরোধী। তারা উল্লেখ করেছেন, ইতোমধ্যেই উক্ত আসনের বিভিন্ন এলাকার ভোটাররা সমর্থকদের শারীরিক ও মৌখিক হুমকির শিকার হয়ে বসতবাড়ি ত্যাগ করেছেন। এমন আচরণ ফ্যাসিবাদের নতুন সংস্করণের পরিচায়ক এবং সংসদ সদস্যের দায়িত্বজ্ঞানহীন আচরণ।
জেলা জামায়াত সংশ্লিষ্ট সংসদ সদস্যকে তার এই বক্তব্য প্রত্যাহার করে জনগণের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছে। এছাড়া সব রাজনৈতিক নেতাদের ভবিষ্যতে উসকানিমূলক ও আপত্তিকর ভাষা ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ করা হয়েছে।
অপর দিকে, রফিকুল ইসলাম জামাল তার বক্তব্য অস্বীকার করে বলেন, “ওই বক্তব্য আমার না, সম্ভবত এটি এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) দিয়ে তৈরি হয়েছে।”

