জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের কালাই উপজেলার হাতিয়র কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল ও কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিনুল ইসলাম (৬২) ইন্তেকাল করেছেন। সোমবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
জানাগেছে, নিজ বাড়িতে অবস্থানকালে হঠাৎ অসুস্থ বোধ করলে স্বজনরা তাঁকে দ্রুত বগুড়া শজিমেক হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
মরহুম আমিনুল ইসলাম একজন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তিনি শিক্ষকতার পাশাপাশি কালাই উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এবং উপজেলা শিক্ষা ট্রাস্টের মহাসচিবের দায়িত্ব পালন করেছেন। এছাড়া দীর্ঘ সময়কাল ধরে কালাই প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেও সমাদৃত ছিলেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাজা নামাজ আগামীকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় হাতিয়র কামিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আমিনুল ইসলামের মৃত্যুতে জয়পুরহাট ও কালাইয়ের সাংবাদিক সমাজ, শিক্ষক সমাজসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.