আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশাল–১ (গৌরনদী ও আগৈলঝাড়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম জহির উদ্দিন স্বপন বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন। ইতোমধ্যে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে তাঁকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। দলীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল ৪টায় তিনি মন্ত্রী হিসেবে শপথ নিতে পারেন। তথ্য অনুযায়ী, তাঁকে তথ্য ও সম্প্রচার মন্ত্রী করা হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
টানা তৃতীয়বারের মতো নির্বাচিত এই সংসদ সদস্যকে মন্ত্রী করার দাবি নির্বাচনের পর থেকেই উঠেছিল। উপজেলা বিএনপির একাধিক দায়িত্বশীল নেতা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্ত্রী হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছার বন্যা বইছে। গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় দলীয় নেতা–কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে জয় লাভের পর থেকেই তাঁকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার দাবি জোরালো হয়ে ওঠে বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

