হুমায়ুন কবির মিরাজ, বেনাপোল
যশোরের ঝিকরগাছা উপজেলার শংকরপুর ইউনিয়নের কুমরী পশ্চিম পাড়ায় গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক ভ্যানচালকের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে আসবাবপত্রসহ ঘরের সবকিছু ভস্মীভূত হওয়ায় পরিবারটি এখন নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে আগুনের লেলিহান শিখা দেখতে পান স্থানীয়রা। মুহূর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়লে এলাকাবাসী বালতি ও ড্রামভর্তি পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালান। তাদের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে পুরো ঘরটি পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত ভ্যানচালক মুনছুর আলী কান্নাজড়িত কণ্ঠে বলেন, রাত দেড়টার দিকে আগুন দেখতে পেয়ে কিছু বুঝে ওঠার আগেই পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা আলী হোসেন জানান, আগুন লাগার সময় পরিবারটি দ্রুত ঘর থেকে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে আগুনের তীব্রতায় কয়েক মিনিটের মধ্যেই টালীর ঘরটি ধসে পড়ে।
আগুন লাগার কারণ এখনো নিশ্চিত নয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। শত্রুতাবশত কেউ আগুন লাগিয়ে থাকতে পারে বলেও সন্দেহ করছেন এলাকাবাসীর কেউ কেউ।
এ ঘটনায় কেউ হতাহত না হলেও প্রায় অর্ধলাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত পরিবারের। বর্তমানে পরিবারটি চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে।
এলাকাবাসী প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ ও সরকারি সহায়তার দাবি জানিয়ে বলেন, একজন দিনমজুর ভ্যানচালকের পক্ষে একা ঘর পুনর্নির্মাণ করা সম্ভব নয়। মানবিক দৃষ্টিকোণ থেকে প্রশাসন ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা।

