বাঁধন হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুরে বীর মুক্তিযোদ্ধাসহ অসুস্থ ও প্রবীণদের নিয়ে ব্যতিক্রমী রিকশা ভ্রমণের আয়োজন করেছে স্থানীয় ফেসবুক প্ল্যাটফর্ম আমাদের পাথালিয়া। দীর্ঘদিন পর নিজ এলাকায় ঘুরতে বের হতে পেরে অংশগ্রহণকারীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
জামালপুর পৌর শহরের পাথালিয়া এলাকার তরুণদের উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে এ আয়োজন করা হয়। বকুলতলা মোড় থেকে শুরু হয়ে ছাতার মোড়, গুয়াবাড়িয়া, মাঠপাড়া, কম্পুপুর ও পশ্চিমপাড়া ঘুরে আবার বকুলতলা মোড়ে এসে ভ্রমণ শেষ হয়। প্রায় ২০ জন বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ এতে অংশ নেন।
উদ্যোক্তা রাসেল মিয়া ও সোহানুর রহমান রিকশায় করে প্রবীণদের নিজ এলাকা ঘুরে দেখান।
বীর মুক্তিযোদ্ধা সামসুল হক সুরুজ (৭৫) বলেন, অসুস্থতার কারণে দীর্ঘদিন বাইরে বের হতে পারেননি, তাই এ আয়োজন তাকে আনন্দ দিয়েছে। বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমান (৮০) বলেন, অনেকদিন পর এলাকা ঘুরে দেখে স্মৃতিচারণের সুযোগ হয়েছে। প্রবীণ মফিজুর রহমান ও আব্দুল গফুরও এ উদ্যোগে আনন্দ প্রকাশ করেন।
আয়োজকদের মতে, প্রবীণদের সময় দেওয়া এবং তরুণদের মানবিক কাজে উদ্বুদ্ধ করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের আয়োজন করার পরিকল্পনার কথাও জানিয়েছেন তারা।
স্থানীয়রা মনে করেন, এ ধরনের মানবিক উদ্যোগ তরুণদের সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করবে এবং এলাকার উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.