সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বঙ্গোপসাগরে পৃথক দুটি স্থান থেকে ২০ জেলেকে মুক্তিপনের দাবিতে বনদস্যুরা অপহরণ করেছে। ঘটনা ঘটে সোমবার (১৬ ফেব্রুয়ারি) দিবাগত রাতে সুন্দরবন উপকূলের নারিকেলবাড়ীয়া ও আমবাড়ীয়ার সাগরের খাড়ি এলাকায়।
বাগেরহাটের পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানান, প্রথমে নারিকেলবাড়ীয়া এলাকায় মাছ ধরার সময় ৮টি ট্রলার থেকে ৮ জেলেকে তুলে নেয় বনদস্যুরা। অপহৃতদের মধ্যে রয়েছেন: হরিদাস বিশ্বাস, গোপাল বিশ্বাস, রমেশ বিশ্বাস, প্রশান্ত বিশ্বাস, শংকর বিশ্বাস, তুষার বিশ্বাস, মনিরুল ও উজ্জল কুমার বিশ্বাস। এদের বাড়ি খুলনার পাইকগাছা এলাকায়।
পরবর্তী সময়ে আমবাড়ীয়ার খাড়ি এলাকায় সুমন জাহাঙ্গীর বাহিনীর বনদস্যুরা অস্ত্রের মুখে ১২টি ট্রলার থেকে আরও ১২ জেলেকে অপহরণ করে। তাদের মধ্যে রয়েছেন: কালিদাস বিশ্বাস, কাশেম মোড়ল, সাধন বিশ্বাস, শিবপদ বিশ্বাস, রশিদ সরদার, প্রকাশ বিশ্বাস, ইয়াসিন মোড়ল, শিমুল, রুপ কুমার বিশ্বাস, গণেশ বিশ্বাস, উত্তম বিশ্বাস ও বাটু বিশ্বাস। এদের বাড়ি খুলনার পাইকগাছা, কয়রা ও আশাশুনি এলাকায়।
সুন্দরবনের দুবলা ফিশার ম্যান গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ বলেন, বর্তমানে চারটি বনদস্যু গ্রুপ সুন্দরবন ও বঙ্গোপসাগর এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে। তারা মুক্তিপনের দাবিতে নিয়মিত জেলেদের অপহরণ করছে, যা এলাকায় চরম আতঙ্ক সৃষ্টি করেছে।
শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম জানান, জেলেদের নিরাপত্তায় কোস্টগার্ড ও র্যাবের সহায়তা চাওয়া হয়েছে এবং বনরক্ষীদের টহল কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে।

