শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকসহ জনবল সংকটের কারণে স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। এতে রোগীরা চিকিৎসা পেতে দেরি করছেন। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
জানা গেছে, উপজেলায় কয়েক লক্ষ লোকের বসবাস রয়েছে। এখানকার লোকদের চিকিৎসার একমাত্র ভরসা সরকারি স্বাস্থ্যকেন্দ্র। চিতলমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সটি ৩০ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক, নার্স ও জনবল বৃদ্ধি করা হয়নি। ফলে রোগীরা সাধারণ চিকিৎসা নিতে পারছেন না। দুর্ঘটনা বা অন্যান্য জরুরি সেবা পেতে আসা রোগীদের খুলনা সদর হাসপাতাল বা বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। পাশাপাশি আশপাশের জেলায় গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে অনেকের।
এখানে শিশু ও গাইনির জন্য ১০ জন বিশেষজ্ঞ ডাক্তার থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র একজন চিকিৎসক রয়েছেন। এছাড়া আবাসিক মেডিকেল অফিসার, মেডিকেল অফিসার ও সহকারী সার্জনসহ ১৫ জন সাধারণ ডাক্তার থাকার কথা থাকলেও মাত্র ৫ জন কর্মরত রয়েছেন। এই সংকটের কারণে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে শিশু ও নারীরা চরম সমস্যার মুখোমুখি হচ্ছেন। জরুরি ডেলিভারির রোগীদের চিকিৎসার জন্য অনেককে স্থানীয় ক্লিনিকে ভর্তি হতে হচ্ছে। এছাড়া রোগীদের অপারেশনের জন্য অভিজ্ঞ চিকিৎসক না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে।
দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর কর্মচারীর মধ্যে ১১৮ জনের স্থানে ৮৮ জন কর্মরত রয়েছেন। চতুর্থ শ্রেণীর ১৯ জনের মধ্যে ১৩ জন রয়েছেন।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শর্মী রায় জানান, চিকিৎসক সংকটের বিষয়টি শীঘ্রই সমাধানের চেষ্টা করা হচ্ছে। আগামী রবিবার কয়েকজন চিকিৎসকের যোগদানের কথা রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.