দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে উজ্জল হোসেন (৩০) নামে এক ট্রাক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার খলিসাকুন্ডি বাজারের একটি দুইতলা ভবনের দ্বিতীয় তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জল হোসেন খলিসাকুন্ডি এলাকার ঈমান আলীর ছেলে এবং পেশায় ট্রাক চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, খলিসাকুন্ডি বাজারের আসাদুল হকের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন উজ্জল হোসেন। মঙ্গলবার বিকেলে ওই বাড়ি থেকে দুর্গন্ধ বের হওয়ায় বাড়ির মালিক আসাদুল হক তালাবদ্ধ ঘর খুলে উজ্জলের অর্ধগলিত মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করে লাশ ওই কক্ষে রাখা হয়েছে এবং বাইরে থেকে তালা লাগানো হয়েছে।
বাড়ির মালিক আসাদুল হক জানান, “প্রায় সাত মাস আগে উজ্জল আমার বাড়িতে বাসা ভাড়া নিয়ে থাকতেন। গত ১০ ফেব্রুয়ারি রাতে উজ্জল আমার ছেলেকে ফোন দিয়ে বাসা ভাড়া বাবদ ৩ হাজার টাকা প্রদান করেছিলেন। এরপর থেকে তার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি। আজ তালাবদ্ধ ঘর খুলে তার লাশ পাওয়া গেছে।”
দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান জানান, “খলিসাকুন্ডি বাজারের একটি ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে উজ্জল হোসেনের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হত্যাকাণ্ডের পর লাশ ওই কক্ষে রাখা হয়েছে এবং বাইরে থেকে তালাবদ্ধ করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.