নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) দেশের উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যয়ে ‘হায়ার এডুকেশন এক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের একাডেমিক ট্রান্সফরমেশন ফান্ড (এটিএফ) উপ-প্রকল্পের প্রস্তাবনা প্রণয়ন’ শীর্ষক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিওরেন্স সেল (আইকিউএসি) এর সেমিনার কক্ষে এ প্রশিক্ষণ আয়োজন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের ১০০ জন পিএইচডিধারী শিক্ষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক প্রতিযোগিতায় সক্ষমতা বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক রূপান্তর ত্বরান্বিত করা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক এবং ট্রেজারার প্রফেসর ড. মোঃ সফিউল ইসলাম আফ্রাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ শরীফ রায়হান।
প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)-এর হিট প্রকল্পের উইং ম্যানেজার (গবেষণা সমন্বয় বিশেষজ্ঞ) প্রফেসর ড. মোহাম্মদ মনিনুর রশিদ। তিনি এটিএফ অর্জনের ধাপ, উপ-প্রকল্পের ধরন, প্রস্তাবনা তৈরির কৌশল, রুবরিক্সভিত্তিক মূল্যায়ন পদ্ধতি ও কার্যকর প্রকল্প ব্যবস্থাপনার বাস্তব দিক বিস্তারিতভাবে তুলে ধরেন।
প্রশিক্ষণের উদ্বোধনী বক্তব্যে প্রফেসর ড. নাসরীন আক্তার আইভী বলেন, “গবেষণায় মান ও স্বচ্ছতা নিশ্চিত করতে দক্ষ প্রস্তাবনা লিখনশৈলী অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের প্রশিক্ষণ শিক্ষক-গবেষকদের সক্ষমতা আরও দৃঢ় করবে।”
ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, “উচ্চশিক্ষায় টেকসই পরিবর্তন আনতে উদ্ভাবনী গবেষণা ও মানসম্পন্ন প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই। এটিএফের সুযোগ কাজে লাগিয়ে গাকৃবিকে শতভাগ গবেষণানির্ভর, আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করতে চাই।”
প্রশিক্ষণের শেষ পর্যায়ে অংশগ্রহণকারী শিক্ষকরা তাদের প্রশ্ন ও অভিজ্ঞতা উপস্থাপন করেন, আর বিশেষজ্ঞ স্পিকার প্রাসঙ্গিক দিকনির্দেশনা প্রদান করেন। পুরো প্রশিক্ষণ জুড়ে ছিল আন্তরিক অংশগ্রহণ, একাডেমিক উদ্দীপনা ও ভবিষ্যৎ পরিকল্পনার সুস্পষ্ট রূপরেখা।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.