যশোর প্রতিনিধি
যশোর শহরের গাড়িখানা এলাকায় অবস্থিত বন্ধ জেলা আ.লীগ কার্যালয়ের সামনে রাতে রহস্যজনকভাবে ব্যানার টাঙানোর ঘটনা ঘটেছে। ব্যানারে জাতির জনক শেখ মুজিবুর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–এর ছবি ছিল। পরে প্রশাসনের উদ্যোগে ব্যানারটি অপসারণ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সন্ধ্যার পর হঠাৎ করে জেলা কার্যালয়ের সামনের অংশে ব্যানারটি দেখতে পান এলাকাবাসী। এতে দুই নেতার ছবি থাকা নিয়ে এলাকায় দ্রুত আলোচনা ছড়িয়ে পড়ে এবং উৎসুক জনতার ভিড় জমে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মই ব্যবহার করে ব্যানারটি নামিয়ে ফেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষণার পর গত ৫ আগস্ট জেলা কার্যালয়টি আগুনে পুড়িয়ে দেওয়া হয়। পরবর্তীতে ভবনের প্রবেশপথ ইটের প্রাচীর তুলে বন্ধ করে দেওয়া হয়েছিল। এমন অবস্থায় কে বা কারা কীভাবে ব্যানারটি টাঙিয়েছে—এ নিয়ে স্থানীয়দের মধ্যে বিস্ময় তৈরি হয়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ ফারুক আহমেদ জানান, “ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের শনাক্তে কাজ চলছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.