শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে শান্তি ও সংহতি সার্কেলের আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর ২টায় প্রেস ক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশস্থ কানাডা হাইকমিশন সহযোগিতায় রূপান্তর প্রকল্পের আওতায় ‘সাতক্ষীরার সীমান্ত এলাকায় সামাজিক সংহতি গড়ে তোলা এবং সংঘর্ষ প্রতিরোধ’ শীর্ষক উদ্যোগের অংশ।
সংবাদ সম্মেলনে পিএসসিসি দলনেতা ইয়াছিন আরাফাত ও মুনতাকিমুল ইসলাম রূহানী জানান, চারটি উপজেলায় (শ্যামনগর, কালিগঞ্জ, দেবহাটা, আশাশুনি) মোট ১০টি দল তৈরি করা হয়েছে। প্রতিটি দলে ৩০ জন সদস্য থাকবে, যার মধ্যে ১৫ জন নারী ও ১৫ জন পুরুষ। এই সদস্যরা তৃণমূল পর্যায়ে শান্তির অবকাঠামো হিসেবে কাজ করবে এবং প্রায় ৩০০ জনকে বিষয়ভিত্তিক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রদান করবে।
প্রকল্পের মাধ্যমে কমিউনিটি পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা, সামাজিক সংহতি ও সম্প্রীতি বৃদ্ধিতে স্থানীয় প্রশাসন, যুব ও নারীর পাশাপাশি সমাজের সক্রিয় দায়িত্বশীলদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। অংশগ্রহণকারীরা সহিংসতার ধরন ও স্থান নিরূপণের মাধ্যমে শান্তিপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখার জন্য কাজ করবেন।
প্রকল্পের গুরুত্বপূর্ণ কার্যক্রম হিসেবে রয়েছে – শান্তি ও সংহতি সার্কেল (৩০ জনের দল), সদস্যদের ৩ দিনের দক্ষতা উন্নয়ন কর্মশালা, স্থানীয় জন অংশগ্রহণে আন্তঃসামাজিক সংলাপ, স্কুল ক্যাম্পেইন, মিডিয়া ও পাবলিক প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাডভোকেসী।
সংবাদ সম্মেলনে প্রেস ক্লাবের সভাপতি ছামিউল আযম মনির, সাধারণ সম্পাদক এস. এম. মোস্তফা কামাল, সাংবাদিকবৃন্দ, রূপান্তরের পিসি কাজী মফিজুর রহমান এবং পিএসসিসি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.