মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
মেলান্দহ উপজেলার নাংলা ইউনিয়নের চিনিতোলা তালতলা বাজার এলাকায় নবনির্মিত কাঠের ব্রিজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে ফিতা কেটে ব্রিজটির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা।
স্থানীয় সূত্রে জানা যায়, চিনিতোলা তালতলা বাজারের পাশে দীর্ঘদিন ধরে একটি জরাজীর্ণ বাঁশের সাঁকো ছিল। সময়ের সঙ্গে সেটি পঁচে ও ভেঙে যাওয়ায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। নাংলা, কুলিয়া ও মাহমুদপুর—এই তিন ইউনিয়নের সংযোগস্থলে অবস্থিত ব্রিজটি প্রায় ১৫ হাজার মানুষের যাতায়াতের একমাত্র ভরসা।
জনগণের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে সেখানে একটি কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ব্রিজটির নিচে আরসিসি ঢালাইয়ের খুঁটির ওপর কাঠ, লোহা ও অন্যান্য সামগ্রী ব্যবহার করে এটি নির্মাণ করা হয়েছে। নির্মাণকাজে সার্বিক তদারকি করেন ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। সহযোগিতা করে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকৌশলী অধিদপ্তর।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল আরা বলেন, ভাঙা বাঁশের সাঁকোর ছবি পাওয়ার পর বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়। উপজেলা প্রকৌশলীর সহযোগিতায় অল্প সময়ের মধ্যেই ব্রিজটি নির্মাণ সম্ভব হয়েছে।
চেয়ারম্যান কিসমত পাশা বলেন, প্রায় ১২ বছর আগে এলাকাবাসীর সহযোগিতা ও ব্যক্তিগত অর্থায়নে একটি বাঁশের সাঁকো নির্মাণ করা হয়েছিল। পরে তা মেরামত করা হলেও শেষ পর্যন্ত সম্পূর্ণ ভেঙে যায়। উপজেলা প্রশাসনের দ্রুত পদক্ষেপে এখন কাঠের ব্রিজ নির্মাণ হওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব হয়েছে। তবে ভবিষ্যতে এখানে একটি পাকা সেতু নির্মাণের দাবি জানান তিনি।
ব্রিজটি চালু হওয়ায় অন্তত ১০-১২টি গ্রামের মানুষের যাতায়াত সহজ হয়েছে। শিক্ষার্থী, কৃষক ও সাধারণ মানুষ এখন নির্বিঘ্নে চলাচল করতে পারছেন। কৃষকরা তাদের উৎপাদিত পণ্য সহজেই হাট-বাজারে নিয়ে যেতে পারছেন বলে জানান স্থানীয়রা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার জ্যোতি, উপজেলা প্রকৌশলী শুভাশীষ রায়, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন গণমাধ্যমকর্মী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.