জয়পুরহাট প্রতিনিধি
জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৫।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আক্কেলপুর উপজেলা রেলস্টেশন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন আক্কেলপুর পৌর সদরের হাস্তাবসন্তপুর (জিয়ানী পাড়া) মহল্লার মৃত মোংলা প্রধানের ছেলে রমজান আলী মন্টু (৫৬) এবং শ্রীকৃষ্টপুর মহল্লার মৃত সাইদুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪০)।
র্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র্যাব-৫ এর ডিএডি মো. ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ইয়াবা বিক্রয়কালে তাদের গ্রেফতার করা হয়।
এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, আসামিদের আদালতে পাঠানো হবে।

