বাগেরহাট প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত বাগেরহাটের গোটাপাড়া এলাকার কৃতি সন্তান, সেনা সদস্য সার্জেন্ট মোঃ রেজাউল করিমের মরদেহ বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে সামরিক মর্যাদায় দাফন করা হয়েছে।
সেনাবাহিনীর হেলিকপ্টারে মরদেহটি গোটাপাড়া গ্রামে আনা হলে সেখানে শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, সহকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, স্বজন ও অসংখ্য শুভাকাংখী।
জানা গেছে, বুধবার ময়মনসিংহগামী সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে শেরপুরগামী খান ট্রাভেলসের যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ট্রাক ও বাসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। গুরুতর আহত অবস্থায় সার্জেন্ট রেজাউল করিমকে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সার্জেন্ট রেজাউল করিম মা, স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, সাত ভাই ও তিন বোন রেখে গেছেন। পরিবারের সব সন্তানদের মধ্যে তিনি সবার ছোট ছিলেন।
এ এলাকায় তার অকাল মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। সহকর্মীরা তাকে সাহসী, কর্তব্যপরায়ণ এবং সদালাপী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

