কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়া উপজেলায় দুই শতাধিক হতদরিদ্র মানুষের মাঝে ১ টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন আমরা কলাপাড়াবাসী। বৃহস্পতিবার বিকেল পাঁচটায় পৌর শহরের মনোহরি পট্টি এলাকায় এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় সংগঠনের সভাপতি নাজমুস সাকিব, সাধারণ সম্পাদকসহ সদস্যরা উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পুরো রমজান মাসজুড়ে এ ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রতিটি প্যাকেটে ছোলা, বুট, মুড়ি, খেজুর, পিয়াজু, বেগুনি, চপ ও জিলাপি দেওয়া হয়। মাত্র এক টাকায় ইফতার পেয়ে খুশি দরিদ্র পথশিশু, যানবাহন চালক ও নিম্ন আয়ের মানুষ। সংগঠনটির এ ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
দিনমজুর জোহরা বেগম বলেন, “রোজার প্রথম দিনে এক টাকার ইফতার পেয়ে আমি অনেক খুশি। প্রতিবছর যেন তাদের এই সহযোগিতা অব্যাহত থাকে।”
অটোচালক সিকান্দার হোসেন বলেন, “সারাদিন কাজ করার পর বাজারে এক টাকায় ইফতার পেয়ে খুব ভালো লাগছে।”
সংগঠনের সভাপতি নাজমুস সাকিব জানান, সদস্যদের নিজস্ব অর্থায়নে এ উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডেও সংগঠনের সদস্যরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন। এ কার্যক্রম এগিয়ে নিতে সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করেন তিনি।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.