জয়পুরহাট প্রতিনিধি
পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ভীমপুর মাঠে বিশাল সোলার প্যানেল স্থাপন করে আলু ও মাছ চাষ করছেন এক উদ্যোক্তা কৃষক। তবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ না থাকায় সেচ কার্যক্রম ব্যাহত হচ্ছে। ফলে বিপাকে পড়েছেন খামার মালিক।
উপজেলার বাগজানা ইউনিয়নের আলহাজ্ব খলিলুর রহমানের বড় ছেলে আব্দুল বাছেদ মন্ডল মাছ চাষের পাশাপাশি কৃষি বিভাগের পরামর্শে চলতি মৌসুমে প্রায় ১০০ বিঘা জমিতে উন্নতমানের ‘মিউজিকা’ জাতের বীজ আলু চাষ করেছেন। তার “আরএসবি এগ্রো ফার্ম” ঘুরে দেখা যায়, বিস্তীর্ণ জমিজুড়ে আলুর আবাদ হয়েছে। পাশেই ১০ বিঘা পুকুরে মাছ চাষ এবং আরও ৪ বিঘা পুকুরে পোনা মাছ উৎপাদন করা হচ্ছে।
ফার্ম ম্যানেজার মো. মুনছুর মিয়া জানান, জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক ও শ্রমিকসহ বিভিন্ন খাতে প্রায় ৫০ লাখ টাকা ব্যয় হয়েছে। বিঘাপ্রতি ৭০ থেকে ৮০ মণ বীজ আলু উৎপাদনের আশা করছেন তারা। আলুর গাছ কেটে ফেলার ১০-১৫ দিন পর উত্তোলন করলে খোসা শক্ত ও সংরক্ষণযোগ্য হয়, যা বীজ হিসেবে ভালো থাকে বলেও জানান তিনি।
তবে খামারের বড় সমস্যা সেচ। প্রায় সাড়ে ৪ লাখ টাকা ব্যয়ে সোলার প্যানেল স্থাপন করলেও প্রয়োজন অনুযায়ী পানি সরবরাহ সম্ভব হচ্ছে না। সূর্যের আলো যতক্ষণ থাকে, ততক্ষণই পাম্প চলে—ফলে মাছ ও ফসল দুটোই ক্ষতির মুখে পড়ছে। বৈদ্যুতিক লাইনের মাধ্যমে গভীর নলকূপ স্থাপনের উদ্যোগ নিলেও সীমানা জটিলতায় তা বন্ধ হয়ে যায়। সেচ লাইসেন্স পেতে আবেদন করেও এখনো অনুমোদন মেলেনি।
খামার মালিক বাছেদ মন্ডল বলেন, “এত টাকা বিনিয়োগ করেও পর্যাপ্ত পানির অভাবে খামারটি পুরোপুরি চালানো যাচ্ছে না। সৌর বিদ্যুৎ দিয়ে প্রয়োজনের তুলনায় খুবই কম পানি পাওয়া যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যেন সরেজমিন পরিদর্শন করে সমস্যার সমাধান করেন।”
এ বিষয়ে পাঁচবিবি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জসিম উদ্দিন জানান, চলতি মৌসুমে উপজেলায় প্রায় ৮ হাজার হেক্টর জমিতে বিভিন্ন জাতের আলুর চাষ হয়েছে। কৃষি বিভাগ থেকে নিয়মিত প্রণোদনা ও পরামর্শ দেওয়া হচ্ছে।
উদ্যোক্তারা বলছেন, আধুনিক কৃষি ও মৎস্য খামার টিকিয়ে রাখতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ ও সেচ ব্যবস্থার উন্নয়ন জরুরি। প্রয়োজনীয় সহায়তা পেলে এ ধরনের উদ্যোগ স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.