কয়রা (খুলনা) প্রতিনিধি
দীর্ঘদিনের চিকিৎসক সংকট কাটিয়ে অবশেষে স্বস্তির খবর এসেছে উপকূলীয় কয়রা উপজেলা থেকে। কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮তম (বিশেষ) বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ ৭ জন নবাগত চিকিৎসক যোগদান করেছেন।
নবাগত চিকিৎসকদের স্বাগত জানাতে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় কমপ্লেক্সের হলরুমে বরণ ও সংক্ষিপ্ত পরিচিতি সভার আয়োজন করা হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজাউল করিম। বক্তব্য রাখেন আবাসিক মেডিকেল অফিসাররা—ডা. সুজিত কুমার বৈদ্য, ডা. আশিকুর রহমান ও ডা. হিরন্ময় ঢালী।
ডা. রেজাউল করিম জানান, দীর্ঘদিন চিকিৎসকের স্বল্পতার কারণে স্বাস্থ্য সেবা কার্যক্রম ব্যাহত হচ্ছিল। নতুন ৭ জন চিকিৎসকের যোগদানের ফলে হাসপাতালের সেবা কার্যক্রম সহজ ও গতিশীল হবে, যা চার লক্ষাধিক মানুষের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
যোগদানকারী চিকিৎসকরা হলেন ডা. মোহসিনা সাকিব, ডা. তন্ময় মন্ডল, ডা. ডালটন সানা, ডা. আবির সরকার, ডা. ইমরান হোসেন, ডা. মাম্পী মন্ডল ও ডা. তমালিকা খাতুন। তাদের বিভিন্ন বিভাগে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
নবাগত চিকিৎসক ডা. মোহসিনা সাকিব বলেন, “আমি এই এলাকার সন্তান। প্রান্তিক জনগোষ্ঠীর সেবা করতে পারার সুযোগ পেয়ে অত্যন্ত আনন্দিত। সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো।”
কয়রার স্বেচ্ছাসেবী সংগঠন ফোকাস এইডের সভাপতি রাসেল আহাম্মেদ বলেন, “জেলা সদর থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে অবস্থিত এই অঞ্চলের মানুষ এখন স্থানীয় পর্যায়ে উন্নত ও সময়োপযোগী চিকিৎসা সেবা পাবেন। এতে রোগী-পরিবারের আর্থিক ও যাতায়াতের দুঃখ কমবে।”
উল্লেখ্য, উপকূলবর্তী কয়রা উপজেলার ৭টি ইউনিয়ন এবং পার্শ্ববর্তী আশাশুনি উপজেলার বিস্তীর্ণ জনগোষ্ঠীর চিকিৎসা সেবার ভরসা ৫০ শয্যা বিশিষ্ট এই স্বাস্থ্য কমপ্লেক্স। দীর্ঘদিন চিকিৎসক স্বল্পতার কারণে সেবা ব্যাহত হলেও নবাগত চিকিৎসকদের যোগদানের ফলে এখন আশা করা যাচ্ছে স্বাস্থ্যসেবায় গতি বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষ আরও সহজে চিকিৎসা সেবা পাবেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.