হুমায়ন কবির মিরাজ, বেনাপোল
যশোরের শার্শা উপজেলার নবনির্বাচিত সংসদ সদস্য মাওলানা আজীজুর রহমান চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন। শুক্রবার সকালে নাভারণ-সাতক্ষীরা মোড়ে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি জানান, শার্শার বাজার ও ঘাটে কেউ চাঁদাবাজি করলে প্রশাসনের মাধ্যমে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন এবং দলমত নির্বিশেষে নবনির্বাচিত এমপিকে বরণ করে নেন। অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর শার্শা উপজেলা শাখা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আজীজুর রহমান আরও বলেন, “আমি শার্শার মানুষের খাদেম হিসেবে দায়িত্ব পালন করতে চাই। আপনারা দোয়া ও সহযোগিতা করুন, আমি এলাকার উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো।” নির্বাচনের পরবর্তী সময়ে উপজেলার কিছু ইউনিয়নে তার কর্মীদের ওপর হামলার ঘটনা ঘটে। তবে তিনি অতীত ভুল ভুলে গিয়ে এলাকার শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।
চাঁদাবাজি প্রতিরোধ বিষয়ে তিনি বলেন, “যদি কেউ চাঁদাবাজি করতে আসে, প্রশাসনকে বলবো দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে। আমি চাই শার্শা শান্তিপূর্ণ ও নিরাপদ থাকুক।”
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেজাউল করীম (যশোর জেলা জামায়াত সহকারী সেক্রেটারি), শার্শা উপজেলা আমীর ও জামায়াত মনোনীত ভাইসচেয়ারম্যান প্রার্থী অধ্যাপক ফারুক হাসান, বেনাপোল পোর্ট থানা আমীর রেজাউল ইসলাম, পোর্ট থানা সেক্রেটারি মাওলানা ইউসুফ আলীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন শার্শা উপজেলা জামায়াতে ইসলামী’র সেক্রেটারি মো. জাহাঙ্গীর আলম।

