যশোর প্রতিনিধি
যশোর শহরের উপশহর এলাকায় পারিবারিক বিরোধের জেরে নাঈম ইসলাম (২১) নামে এক পলিটেকনিক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দুপুর পৌনে ১টার দিকে উপশহর সি-ব্লক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
নিহত নাঈম ইসলাম মাগুরা সদর উপজেলার পাল্লা বেলতলা গ্রামের রেজাউল ইসলামের ছেলে। তিনি যশোর পলিটেকনিক ইনস্টিটিউট-এর তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন। নাঈম উপশহর সি-ব্লকের পারভেজ মাসুদের বাড়িতে ভাড়া থাকতেন।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর আনুমানিক ১২টা ৪৫ মিনিটে পারিবারিক কলহের জেরে নিজ কক্ষের জানালার গ্রিলের সঙ্গে স্ত্রীর ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। বিষয়টি টের পেয়ে তার স্ত্রী তাসফিয়া ও প্রতিবেশী ইয়াসিন হোসেন দ্রুত তাকে উদ্ধার করেন।
মুমূর্ষু অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল।
বর্তমানে মরদেহ ময়নাতদন্ত ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। কোতোয়ালি মডেল থানা পুলিশ বিষয়টি তদন্ত করছে।

