গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া) আসন থেকে তৃতীয়বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন জহির উদ্দিন স্বপন।
দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মতো সরকারি সফরে নিজ জেলা বরিশালে আসছেন তিনি। জানা গেছে, শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ছয়টায় জাতীয় প্রেসক্লাব থেকে সড়কপথে গৌরনদীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন মন্ত্রী। রাত ১০টায় ভুরঘাটা বাসস্ট্যান্ডে বিএনপি নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানাবেন।
রাত ১২টা ১ মিনিটে গৌরনদী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে রাত সাড়ে ১২টায় বরিশাল সার্কিট হাউজে রাত্রিযাপন করবেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় মহান শহীদ দিবস উপলক্ষে বরিশাল শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন তিনি। একইদিন দুপুর ২টায় আগৈলঝাড়া অডিটোরিয়ামে মন্ত্রীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং বিকেল ৪টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় গৌরনদী অডিটোরিয়ামে ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান এবং দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন মন্ত্রী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) তিনি সরিকলের নিজ বাসভবন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

