মো. সাদ্দাম হোসেন, সিলেট জেলা প্রতিনিধি
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী আজ সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ মাঠ পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে শাহী ঈদগাহ মাঠ দ্রুত সংস্কার করে নামাজ আদায়ের উপযোগী করে তোলার নির্দেশ দেন। মাঠের ভাঙাচোরা অংশ মেরামত, প্রয়োজনীয় রংকরণ এবং সার্বিক সৌন্দর্যবর্ধন কাজ দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন মন্ত্রী।
তিনি বলেন, ঈদের জামাতে বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন। তাই নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করতে ঈদগাহ মাঠের প্রস্তুতি যথাসময়ে শেষ করা জরুরি।
এ সময় সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী রাজিউদ্দিন খানসহ শাহী ঈদগাহ পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শাহী ঈদগাহ মাঠ সিলেটের অন্যতম ঐতিহ্যবাহী ঈদ জামাতের স্থান হিসেবে পরিচিত। প্রতি বছর এখানে বিপুলসংখ্যক মুসল্লি ঈদের নামাজ আদায় করে থাকেন।

