তালা(সাতক্ষীরা)প্রতিনিধি
সাতক্ষীরা-১ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, আল্লাহ তায়ালা নামাজ ফরজ করেছেন মানুষকে যাবতীয় অন্যায় ও অশ্লীল কাজ থেকে বিরত রাখার জন্য। রোজার মূল উদ্দেশ্য হলো মানুষকে তাকওয়াবান বানানো, আল্লাহর ভয়ে সকল পাপ কাজ থেকে বিরত রাখা এবং তাঁর আদেশ-নিষেধ মেনে চলার শিক্ষা দেওয়া।
তিনি এই মন্তব্য করেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সাতক্ষীরা সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাহিত্য সম্পাদক মরহুম মোঃ আব্দুর রকিব সরদারের রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে। অনুষ্ঠানটি শুক্রবার ২০ ফেব্রুয়ারি তালা উপজেলার মাগুরা ইউনিয়নের মরহুমের কবর জিয়ারতের পরে তার গ্রামের মসজিদে অনুষ্ঠিত হয়।
নবনির্বাচিত এমপি আরও বলেন, একজন মুসলমানের জীবনে নামাজ ও রোজা কেবল ইবাদত নয়, বরং চরিত্র গঠন ও নৈতিক উন্নয়নের প্রধান মাধ্যম। সমাজে ন্যায়, সততা ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় ধর্মীয় অনুশাসন মেনে চলার বিকল্প নেই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর আমীর শহিদুল ইসলাম মুকুল, সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, তালা উপজেলা শাখার সাবেক আমীর ডাঃ আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী ও সহকারী সেক্রেটারি মাওলানা মাসুম বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন বালিয়াদহা পূর্বপাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মাসুদুসজ্জামান।
নব নির্বাচিত এমপি নামাজ আদায়ের পরে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময়ও করেন এবং পরে মাগুরা যান।
উল্লেখ্য, গত মঙ্গলবার মোঃ আব্দুর রকিব হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

