ফরিদপুর প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা, ভাবগাম্ভীর্য ও বিনম্র শ্রদ্ধায় ফরিদপুর-এ পালিত হয়েছে অমর একুশে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টা ১ মিনিটে, অর্থাৎ ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহরের অম্বিকা ময়দানে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়।
রাত ১২টা বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারের বেদিতে পুষ্পমাল্য অর্পণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। এরপর বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফরিদপুর জেলা শাখা ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ শহীদদের স্মরণে শ্রদ্ধা জানান। পর্যায়ক্রমে জেলা প্রশাসন, জেলা পুলিশ, জেলা পরিষদসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়। সর্বস্তরের মানুষের উপস্থিতিতে শহীদ মিনার চত্বর কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন আমাদের জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়। মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন, তাদের আত্মত্যাগই স্বাধীন বাংলাদেশের ভিত্তি রচনা করেছে।
দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এসব কর্মসূচির মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের ইতিহাস ও চেতনা তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.