টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে টুঙ্গিপাড়ায় পালিত হচ্ছে মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।
একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদ সংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শুরু হয়। রাত ১২টা ১ মিনিটে এস এম জিলানী, গোপালগঞ্জ-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বলেন, ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক ও জব্বার মাতৃভাষার মর্যাদা রক্ষায় জীবন উৎসর্গ করেছেন। কিন্তু দুঃখজনকভাবে এখনো সব ক্ষেত্রে বাংলা ভাষার পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় ব্যবহার নিশ্চিত করা সম্ভব হয়নি। তিনি আশা প্রকাশ করেন, অচিরেই রাষ্ট্রের সব স্তরে বাংলা ভাষার কার্যকর ব্যবহার নিশ্চিত হবে এবং মাতৃভাষাকে সর্বক্ষেত্রে মর্যাদার সঙ্গে প্রতিষ্ঠা করা হবে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক সংগঠন শ্রদ্ধা নিবেদনে অংশ নেয়। টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. জহিরুল আলমের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এছাড়া মুক্তিযোদ্ধা টুঙ্গিপাড়া কমান্ড, টুঙ্গিপাড়া সরকারি কলেজ, টুঙ্গিপাড়া পৌরসভা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) টুঙ্গিপাড়া উপজেলা শাখা ও এর অঙ্গসংগঠন, পল্লী বিদ্যুৎ সমিতি টুঙ্গিপাড়াসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮টায় টুঙ্গিপাড়া সরকারি কলেজ থেকে প্রভাতফেরি বের হয়। সাদা-কালো পোশাকে, খালি পায়ে ও ফুল হাতে শিক্ষার্থীরা ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গানে কলেজ এলাকা মুখরিত করে তোলে। বিভিন্ন বয়সী মানুষ সরকারি কলেজ শহীদ মিনারে গিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিনম্র শ্রদ্ধা আর ভাষা শহীদদের স্মরণে টুঙ্গিপাড়ায় দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে অমর একুশে ফেব্রুয়ারি পালিত হচ্ছে।

