দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
দৌলতপুর-এ যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিবসের প্রথম প্রহরে ভাষা শহীদদের স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রেজা আহমেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য। তিনি ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ’র নেতৃত্বে উপজেলা প্রশাসন, অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমানের নেতৃত্বে দৌলতপুর থানা পুলিশ এবং মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা দৌলতপুর উপজেলা বিএনপি’র নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে পুনরায় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মো. বিল্লাল হোসেন, সাংগঠনিক সম্পাদক শের আলী সবুজ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেলসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। শনিবার সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
এদিকে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শনিবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ কনফারেন্স রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ গুহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি রেজা আহমেদ বাচ্চু মোল্লা।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান এবং দৌলতপুর গার্লস কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম। আলোচনা সভায় শহীদদের অবদান ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও আমন্ত্রিত সুধীজন উপস্থিত ছিলেন।

