জাবেদ হোসাইন মামুন, ফেনী
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, শিক্ষাপ্রতিষ্ঠান ও বেসরকারি সকল গুরুত্বপূর্ণ স্থাপনায় জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার বিধান থাকা সত্ত্বেও চরদরবেশ ইউনিয়ন পরিষদ-এ এই বিধান অনুসরণ করা হয়নি।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সরেজমিনে দেখা যায়, ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পতাকা উত্তোলনের জন্য নির্ধারিত বেদীতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি। ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদদের স্মরণে সারা দেশে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখার নিয়ম রয়েছে।
স্থানীয় সচেতন নাগরিকরা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। শহিদুল ইসলাম মানিক তার সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, “আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি, এটি খুব খারাপ একটি বিষয়।” আবদুল্লাহ আল রুমেল মন্তব্য করেছেন, “শহীদ দিবসে পতাকা না থাকাটা দুঃখজনক।”
এ বিষয়ে ইউপি সচিব আবদুল হালিম বলেন, “বিষয়টি খোঁজ নিয়ে দেখেছি; ভুলবশত দফাদার এটি লাগাননি। দ্রুত লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে।”
চরদরবেশ ইউনিয়ন পরিষদের প্রশাসক আল আমিন শেখ জানান, “গতকালই পতাকা উত্তোলনের নোটিশ দেওয়া হয়েছিল, তবে সকাল থেকে উপজেলার প্রোগ্রামে ব্যস্ত থাকায় খোঁজ নিতে পারিনি। এখন পতাকা উত্তোলন করা হয়েছে।”
উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, “২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা বাধ্যতামূলক। আমি সম্প্রতি পতাকা না উত্তোলনের বিষয়টি জানতে পেরেছি।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.