গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
গণঅভ্যুত্থানের ১৮ মাস পর বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয়ে রাতের আঁধারে জাতীয় পতাকা উত্তোলন করেছেন দলের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার দিবাগত রাতে শহীদ মিনারে ফুল অর্পণ করার পাশাপাশি তারা গৌরনদী বাসষ্ট্যান্ডস্থ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন। এ ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় উপজেলার রাজনৈতিক ও সামাজিক মহলে আলোচনার সৃষ্টি হয়েছে।
ভিডিওতে দেখা যায়, রাতের এই কার্যক্রমে অংশ নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের বার্থী ইউনিয়ন শাখার সভাপতি মামুনুর রশিদ মনু মোল্লা, সরকারি বরিশাল কলেজ নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সহসম্পাদক মাসুম সরদার, নিষিদ্ধ ছাত্রলীগের গোলাম মোস্তফা, আজিজুল মোল্লা সহ কয়েকজন। শহীদ মিনারে ফুল অর্পণের সময় তারা বলেন, “আজ আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গৌরনদী আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত সকল শহীদদের প্রতি পুষ্পার্ঘ অর্পণ করলাম, শহীদদের রক্ত বৃথা যেতে দেবনা।”
অপর ভিডিওতে দেখা যায়, তারা দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করছেন এবং বলেন, “দীর্ঘ ১৮ মাস পরে দক্ষিণ বাংলার মাটি মানুষের নেতা আবুল হাসানাত আব্দুল্লাহ ও তার যোগ্য উত্তরসূরী সেরনিয়াবাত আশিক আব্দুল্লাহর নির্দেশে পতাকা উত্তোলন করা হলো।”
এ বিষয়ে গৌরনদী পৌরসভা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক সফিকুর রহমান শরীফ স্বপন বলেন, “আমরা আমাদের তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বরিশালে একটি অনুষ্ঠানে আছি। পতাকা উত্তোলনের কোন তথ্য আমাদের কাছে নেই। তবে ছবি ফেসবুকে ছড়িয়ে রাজনীতিতে ফেরা যায় না।”
গৌরনদী মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল বলেন, “এ ধরনের কোন তথ্য জানা নেই। তবে বিষয়টি খতিয়ে দেখে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.