কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
১৯৫২ সালের ভাষা আন্দোলন কেবল বাঙালির অধিকার আদায়ের সংগ্রাম নয়, এটি বিশ্বব্যাপী মাতৃভাষার মর্যাদা রক্ষার এক অনন্য ইতিহাস—এ কথা উল্লেখ করে নবনির্বাচিত সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন বলেছেন, “একুশের চেতনা আমাদের অস্তিত্বের সাথে মিশে আছে। আমাদের স্বাধীনতা যুদ্ধ, গণতন্ত্র পুনরুদ্ধারের দীর্ঘ সংগ্রাম এবং সর্বশেষ জুলাই বিপ্লব—সবকিছুরই মূল উৎপত্তি হয়েছে একুশের অবিনাশী চেতনা থেকে।”
তিনি আরও বলেন, একুশ আমাদের জাতীয় জীবনে নতুন প্রেরণা হয়ে আসবে এবং নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও গর্ববোধ ছড়িয়ে দেবে।
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এর আগে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এ সময় সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, কালীগঞ্জ প্রেস ক্লাবসহ সর্বস্তরের মানুষ শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথি ও বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। সভায় আরও বক্তব্য রাখেন কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. জাকির হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর হক প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.