গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
দীর্ঘ ১৮ মাস পর গোয়ালন্দ উপজেলা-এ কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয় খুলে ব্যানার টানিয়ে স্লোগান দেওয়ার ঘটনা ঘটেছে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) ভোররাতে আওয়ামী লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুবলীগ-এর কয়েকজন কর্মী দীর্ঘদিন ধরে ধ্বংসস্তূপে পরিণত হয়ে থাকা ওই কার্যালয়ে প্রবেশ করেন।
ভিডিওতে দেখা যায়, শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনা-এর ছবি সম্বলিত একটি ব্যানার কার্যালয়ের দেয়ালে স্থাপন করছেন উপজেলা যুবলীগের কর্মী শেখ সুরুজ ও সাবিত হাসান মিলন। ব্যানারের নিচে সৌজন্যে উপজেলা যুবলীগ নেতা আশরাফুল ইসলামের নাম উল্লেখ রয়েছে। এ সময় তারা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু”, “শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে”, “মুজিব তোমার স্মরণে, ভয় করিনা মরনে” প্রভৃতি স্লোগান দেন।
ভিডিওতে তারা দাবি করেন, দীর্ঘ ১৮ মাস পর তারা আওয়ামী লীগের পার্টি অফিস ‘মুক্ত’ করেছেন এবং উপজেলা যুবলীগের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. আশরাফুল ইসলাম আশরাফের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়েছে।
তবে শনিবার সকালে দলীয় কার্যালয়ে টানানো ওই ব্যানার এবং সংশ্লিষ্ট ছবিগুলো আর দেখা যায়নি।
ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে সাধারণ জনগণ ও আওয়ামী লীগ এবং এর সহযোগী সংগঠনের অনেক নেতাকর্মী এ উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে আত্মগোপনে থাকা দলীয় পদধারী কিছু নেতার সমালোচনাও করেন অনেকে।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, “উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ব্যানার টানানোর একটি ভিডিও আমরা ফেসবুকে দেখেছি। সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট বিকালে বিক্ষুব্ধ কিছু মানুষ গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তালাবদ্ধ করে রাখে। এরপর থেকে কার্যালয়টি বন্ধ ছিল।

