Nabadhara
ঢাকাশনিবার , ২১ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঢাকা বিভাগ
  13. তথ্যপ্রযুক্তি
  14. দিনাজপুর
  15. দৌলতপুর
আজকের সর্বশেষ সবখবর

সোনাগাজীতে পরিবেশ মন্ত্রীর নির্দেশে জলদাসদের পাশে দাঁড়ালেন যুবদল নেতারা

ফেনী প্রতিনিধি
ফেব্রুয়ারি ২১, ২০২৬ ৭:০৬ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

সোনাগাজী উপজেলা-এ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু-র নির্দেশে জলদাস সম্প্রদায়ের পাশে দাঁড়িয়েছেন উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞা ও পৌর যুবদলের সদস্য সচিব মাকসুদুর রহমান রাসেল হামিদি। শনিবার বিকেলে তারা সরেজমিন পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্ত জেলেদের পাশে থাকার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বড় ফেনী নদী-এর একাংশ দখল করে রখোন্দকার গ্রামের জেলে সম্প্রদায়কে উচ্ছেদের অপচেষ্টা চালিয়েছেন নুর আহমদ নামে এক ব্যক্তি। সোনাগাজী সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের জলদাস পাড়ায় প্রায় অর্ধশত পরিবার ৫০ বছরেরও বেশি সময় ধরে নদীর তীরে বসবাস করে আসছে। নদীতে মাছ ধরে তারা জীবিকা নির্বাহ করেন।

সময়ের পরিক্রমায় নদী ভরাট হয়ে বর্তমানে সোনাগাজী ডাঙ্গি খাল প্রবাহমান রয়েছে, যেখান দিয়ে জেলেদের নৌকা তীরে ভিড়ে। সরকারি খাস জমিতে তারা ঝুপড়ি ঘর তুলে বসবাস করছিলেন। পরবর্তীতে পরিবার বৃদ্ধি ও নদীভাঙনের কারণে অনেকে সড়কের পাশেও বসতি স্থাপন করেন।

অভিযোগ রয়েছে, চরখোন্দকার গ্রামের নুর আহমদ খালে বাঁধ দিয়ে এবং জেলে পাড়া সংলগ্ন স্থানে এক্সকাভেটর দিয়ে মাটি খনন করে মৎস্য ঘের নির্মাণ শুরু করেন। এতে অসহায় জেলেরা প্রতিবাদে আন্দোলন শুরু করেন। বিষয়টি মন্ত্রীর নজরে এলে তিনি যুবদল নেতাদের ঘটনাস্থলে পাঠান।

যুবদল নেতারা জানান, জবরদখলকারী নুর আহমদের বিরুদ্ধে মন্ত্রীর কঠোর অবস্থান রয়েছে এবং জেলেদের উচ্ছেদের কোনো সুযোগ দেওয়া হবে না। এতে জেলে সম্প্রদায়ের নারী-পুরুষরা স্বস্তি প্রকাশ করেন।

জেলে সম্প্রদায়ের সদস্য রাঁধেশ্বাম জলদাস, কানন বালা, ভারতী বালা, জগদ্বিশ, মন ও সুমন জলদাস বলেন, “আমরা নদীতে মাছ ধরে সংসার চালাই। আমাদের ওপর কেন এমন অন্যায় করা হচ্ছে বুঝতে পারছি না।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, জেলেরা দীর্ঘদিন ধরে খাস জমিতে বসবাস করছেন। অন্যদিকে নুর আহমদ নিজের নামে রেকর্ড দেখিয়ে প্রবাহমান খাল দখলের চেষ্টা করছেন—এমন অভিযোগ পাওয়া গেছে। তাকে খাল দখল ও জেলেদের উচ্ছেদের অপচেষ্টা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে উচ্ছেদের অভিযোগ অস্বীকার করে নুর আহমদ বলেন, “জায়গাগুলো আমার নামে রেকর্ড করা। আমি জমি বেদখল হওয়া থেকে রক্ষা করতে সংস্কার করছি। তারা বরং এ কাজে বাধা দিচ্ছে। বর্তমানে তারা যেখানে আছে সেখানে আমি কোনো হস্তক্ষেপ করিনি।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।