কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
কোটালীপাড়া উপজেলা-এ ৪০ লিটার দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিয়েছেন রাশেদ দাড়িয়া (৩৫) নামে এক যুবক। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা যায়, অ্যালুমিনিয়ামের বড় একটি ডেকচিতে রাখা দুধের মধ্যে বসে আছেন রাশেদ। পরে তার মা একটি মগ দিয়ে তার মাথায় দুধ ঢালছেন। পুরো ঘটনাটি রাশেদ নিজ মোবাইল ফোনে ধারণ করে ফেসবুকে পোস্ট করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।
খোঁজ নিয়ে জানা গেছে, রাশেদ দাড়িয়া কোটালীপাড়া পৌরসভার ঘাঘর কান্দা গ্রামের হাচেন দাড়িয়ার ছেলে। শুক্রবার জুম্মার নামাজের আগে নিজ বাড়িতে এ ব্যতিক্রমী ঘটনার পর তিনি নামাজ আদায় করতে যান বলে সাংবাদিকদের জানান।
রাশেদ বলেন, “আমি গত দুই বছর ধরে অনলাইনে জুয়া খেলতাম। এতে প্রায় ১০ লাখ টাকার দেনা হয়ে গেছে। এ কারণে দীর্ঘদিন ধরে হতাশায় ভুগছিলাম। পরিবারের পরামর্শে কয়েক দিনের মধ্যে কাজের উদ্দেশ্যে সৌদি আরব যাচ্ছি। যাওয়ার আগে দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়ার ঘোষণা দিলাম।”
তিনি আরও বলেন, “আমি সকল যুবক ভাইদের অনুরোধ করবো, আপনারা এই সর্বনাশা জুয়া খেলবেন না। এই খেলায় কেউ লাভবান হয় না, বরং ধ্বংস হয়। যারা এ পথে আছেন, তারা ফিরে আসুন।”
এদিকে, রাশেদের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী। পাশের বাড়ির বাসিন্দা জলিল গাজী বলেন, “রাশেদ জুয়া খেলে ধারদেনায় জড়িয়ে দীর্ঘদিন হতাশায় ছিল। এখন জুয়া ছেড়ে দিয়ে বিদেশে কাজে যাচ্ছে। আমরা তার মঙ্গল কামনা করছি।”

