তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
সারা দেশের ন্যায় সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদায় মহান ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে দিনের সূচনা করা হয়।
সকাল ৮টায় তালাবিদে পুরাতন স্কুল মাঠ থেকে প্রভাতফেরি বের হয়ে উপজেলা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান এবং পরিচালনা করেন ইন্সট্রাক্টর ইমান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রাহাত খান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডাক্তার মাহমুদুল হক, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ শহিদুল ইসলাম, বিএনপি সভাপতি বাবু মৃণাল কান্তি রায়, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহিদুল্লাহ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শেখ শফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এম এ হাকিমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জতউল্লাহ বলেন, রাষ্ট্রভাষা বাংলা প্রতিষ্ঠার জন্য সালাম, রফিক, জব্বারসহ নাম না জানা অনেকেই শহীদ হয়েছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে কয়েক লক্ষ মানুষ জীবন দিয়েছেন। সাম্প্রতিক গণআন্দোলনেও বহু শিক্ষার্থীসহ অনেকে শহীদ হয়েছেন। তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা করেন।
তিনি বলেন, “যে বাংলা ভাষার জন্য ছাত্র-জনতা জীবন দিল, সেই দেশে এখনো অফিস-আদালতে ইংরেজিতে চিঠিপত্র লেখা হয়। দেশের সকল অফিস-আদালতে সরকারি চিঠিপত্র বাংলা ভাষায় চালুর জোর দাবি জানাচ্ছি।”
এ সময় তিনি আরও বলেন, দল-মত নির্বিশেষে তিনি সকলের সংসদ সদস্য এবং সকলকে সঙ্গে নিয়ে তালা উপজেলার উন্নয়নে কাজ করতে চান।

