জয়পুরহাট প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ নিজ হাতে রাস্তা পরিষ্কার করে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর এ উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৩০ মিনিটে জয়পুরহাট শহরের পূর্ব বাজার এলাকায় পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হয়। এ সময় তিনি ঝাড়ু হাতে নিয়ে সড়কে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন, শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান, সহকারী সেক্রেটারি ইঞ্জিনিয়ার গোলাম মর্তুজাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সংসদ সদস্য ফজলুর রহমান সাইদ বলেন, পরিচ্ছন্নতা শুধু সরকারের দায়িত্ব নয়, এটি সবার সম্মিলিত দায়িত্ব। নিজের এলাকা পরিষ্কার রাখা নাগরিকদের কর্তব্য। জনগণের সেবক হিসেবে মানুষের পাশে থেকে কাজ করাই তাঁর মূল লক্ষ্য। তিনি আরও বলেন, শুধু রাস্তার পরিচ্ছন্নতা নয়, দেশ থেকে সব ধরনের আবর্জনা ও অনিয়ম দূর করার প্রত্যয় নিয়েই তারা কাজ করছেন।
জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাসিবুল আলম লিটন বলেন, জেলায় দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত পরিবেশ গড়ে তুলতে তারা কাজ করে যাচ্ছেন এবং এ ক্ষেত্রে জনপ্রতিনিধির সক্রিয় ভূমিকা গুরুত্বপূর্ণ।
শহর জামায়াতের আমীর মাওলানা সাইদুর রহমান জানান, সড়কের নোংরা পরিবেশ দেখে সংসদ সদস্য নিজেই ঝাড়ু হাতে নেন এবং স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে এতে অংশ নেন।
স্থানীয় বাসিন্দা আজিজুল ইসলাম বলেন, একজন সংসদ সদস্যের এমন উদ্যোগ সত্যিই বিরল। এতে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বাড়বে। পথচারী আরিফুল ইসলামও এ উদ্যোগকে ইতিবাচক বার্তা হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

