স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের কালিয়া উপজেলায় এক নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণার অভিযোগে ওমর ফারুক (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে গৃহবধূর পরিবারের দায়ের করা মামলায় তাকে আটক করে কালিয়া থানা পুলিশ।
গ্রেফতারকৃত ওমর ফারুক বড় কালিয়া গ্রামের মৃত শাহাজান শেখের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ওই নারীর ছবি ও ব্যক্তিগত তথ্য ব্যবহার করে একটি ভুয়া আইডি খুলে দীর্ঘদিন ধরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে এবং বিভিন্ন অজুহাতে সহযোগিতার কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। সর্বশেষ তিনি ওই নারীর ভাইয়ের কাছে ১০ হাজার টাকা সহযোগিতা চান।
টাকা নেওয়ার জন্য অভিযুক্ত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে স্থানীয় এক এজেন্টের দোকানের নম্বর ব্যবহার করেন। পরে দোকানের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গত ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টা ২৬ মিনিটে নারীর ভাই পাঠানো টাকা উত্তোলন করা হয়।
তবে অভিযুক্ত ওমর ফারুক দাবি করেছেন, প্রতারণার সরল স্বীকারোক্তির পর সহযোগিতা করতে গিয়ে তিনি এ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন।
কালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ইদ্রিস আলী রোববার (২২ ফেব্রুয়ারি) দুপুরে বলেন, “ভুক্তভোগী নারীর অভিযোগের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রতারণার আলামত পাওয়া গেছে।”
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। রবিবার দুপুরে ওমর ফারুককে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.