গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন এমপি বলেছেন, “আমাদের সরকার তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার। ইতিমধ্যেই আমরা ২০ হাজার কিলোমিটার খাল খননের প্রকল্প হাতে নিয়েছি এবং আমাদের মেয়াদে এই কাজ শেষ করতে চাই। প্রকল্প আনুষ্ঠানিকভাবে শুরু করার জন্য প্রস্তুতি চলছে, যা মন্ত্রী পরিষদের বৈঠকেও আলোচনা হয়েছে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১১টায় গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের কাপলাতলী এলাকায় ৩.৫ কিলোমিটার খাল পুনঃখননের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, “শিল্পায়নের কারণে আমাদের বনায়ন ও সবুজায়ন কমে যাচ্ছে, যার প্রভাব পড়ছে জলবায়ু ও পরিবেশের ওপর। তাই খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচি সমন্বিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “তারেক রহমানকে ১৭ বছর দেশে বাইরে রাখা হয়েছিল। ১৭ বছর পর তিনি দেশে আসার মাত্র ৫৭ দিনের মধ্যে জনগণ তাকে প্রধানমন্ত্রী ও জাতির নেতা হিসেবে নির্বাচিত করেছেন। ক্ষমতায় আসার পর আমরা তার পূর্বনির্ধারিত পরিকল্পনাগুলো বাস্তবায়নের কাজ হাতে নিয়েছি। এর মধ্যে খাল খনন ও বৃক্ষরোপণ কর্মসূচি অন্যতম।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম সঞ্চালক হিসেবে ছিলেন। বক্তব্য রাখেন বরিশাল বিএডিসির তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রি। এছাড়াও উপস্থিত ছিলেন বিএডিসির (বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলা সেচ উন্নয়ন প্রকল্প) প্রকল্প পরিচালক সৈয়দ ওয়াহিদ মুরাদ, উপজেলা কৃষি অফিসার সেকেন্দার শেখ, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, বিএডিসির সহকারী প্রকৌশলী এসএম আতাই রাব্বি এবং গৌরনদী বিএডিসির উপসহকারী প্রকৌশলী শাহেদ আহমেদ চৌধুরী প্রমুখ।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.