ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে জুলাই শহীদ আবদুল গণি বোরহান স্মৃতি পাঠাগারসহ একটি মুদি দোকান ও কয়েকটি গুদামের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার চরখোয়াজ গ্রামের ফুলকুঁড়ি নগর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা গেছে, আবদুল মান্নান তালুকদারের মার্কেটের একটি দোকানে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। দোকানটি ছিল আবদুল আজিজ মাসুদের মালিকানাধীন মুদি দোকান। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে পাশের কামাল উদ্দিনের মার্কেটে থাকা জুলাই শহীদ আবদুল গণি বোরহান স্মৃতি পাঠাগারসহ আরও তিনটি দোকানের গুদামে। এতে বইপত্র, আসবাবপত্র ও ব্যবসায়িক মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।
প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ২৫ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর সোনাগাজী স্টেশনের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
মুদি দোকানের মালিক আবদুল আজিজ মাসুদ জানান, প্রতিদিনের মতো রাত ১১টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। গভীর রাতে আগুনের খবর পেয়ে এসে দেখেন দোকানটি সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, সে বিষয়ে তিনি নিশ্চিত নন।
সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন মাস্টার নুরুল আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
জুলাই শহীদ আবদুল গণি বোরহান স্মৃতি পাঠাগারের পরিচালক জামাল উদ্দিন ইউনুস এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ক্ষতিগ্রস্তদের সহায়তার দাবি জানিয়েছেন।
সোনাগাজী মডেল থানা-র ওসি মো. কামরুল ইসলাম অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে।
উল্লেখ্য, ২০২৪ সালের ৪ আগস্ট ঢাকার বাংলামোটর এলাকায় আওয়ামী লীগ কর্মী ও পুলিশের গুলিতে সোনাগাজী সদর ইউনিয়নের ছাড়াইতকান্দি গ্রামের আবদুল গণি বোরহান নিহত হন। তার স্মরণে ২০২৫ সালে এলাকায় এই পাঠাগারটি প্রতিষ্ঠা করা হয়।

