আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনি উপজেলায় তিনটি সরকারি প্রতিষ্ঠান ও সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মুহাদ্দিস রবিউল বাশার। রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনের মধ্য দিয়ে তার দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে আশাশুনি ব্রিজ সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় সম্প্রতি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুটি দোকান পরিদর্শন করেন তিনি। ক্ষতিগ্রস্ত দোকান ও পুড়ে যাওয়া মালামাল ঘুরে দেখেন এবং দুই ব্যবসায়ীকে তাৎক্ষণিকভাবে ২০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করেন।
পরে তিনি আশাশুনি থানা পরিদর্শন করে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। বেলা সাড়ে ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন এবং উপজেলার সার্বিক উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন। বিভিন্ন দপ্তরও পরিদর্শন করেন তিনি।
দুপুর ১২টার দিকে তিনি আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। সেখানে হাসপাতালের সার্বিক পরিবেশ ও চিকিৎসাসেবা পরিস্থিতি সম্পর্কে অবহিত হন এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। কমপ্লেক্সের বিভিন্ন বিভাগ ঘুরে রোগীদের খোঁজখবর নেন। এসময় ১৯ জন রোগীকে ৫০০ টাকা করে চিকিৎসা সহায়তা ও একটি করে খাদ্য প্যাকেট প্রদান করা হয়।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার মো. সাইদুজ্জামান হিমু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নীতিশ চন্দ্র গোলদার, আশাশুনি থানার ওসি শামীম আহমেদ খানসহ স্থানীয় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মুহাদ্দিস রবিউল বাশার বলেন, “আমরা দেশ ও জাতির কল্যাণ চাই। মানুষের অধিকার, সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সে লক্ষ্যে কাজ করতে চাই।”
তিনি আরও বলেন, কোথাও কোথাও ভোট দেওয়া বা না দেওয়া নিয়ে মতবিরোধ এবং ভিন্নমতের ভোটারদের ওপর চাপ সৃষ্টির অভিযোগ পাওয়া যাচ্ছে। কোনো ধরনের প্রতিশোধমূলক আচরণ বা চাপ প্রয়োগ মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.