জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর-৫ আসনের নব নির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোঃ ওয়ারেছ আলীর পরিচিতি ও মতবিনিময় সভা রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকালে জামালপুর সদর উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ওয়ারেছ আলী মামুন বলেন, “জামালপুর জেলায় ভবিষ্যতে কোনো ধরনের মাদক সেবনকারী ও ব্যবসায়ী স্থানের অধিকার পাবে না। মাদকের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করছি।”
সভায় শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মো: আব্দুল্লাহ আল মাসুদ, জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি লোকমান আহমেদ খান লোটন, সহসভাপতি লিয়াকত আলী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম খান সজিব, সদর উপজেলা বিএনপি সভাপতি শফিউর রহমান, সাধারণ সম্পাদক মো: রুহুল আমীন মিলন, জেলা মহিলা দলের সভানেত্রী সেলিনা বেগম, জেলা প্রেস ক্লাবের সভাপতি এম এ জলিল ও সাধারণ সম্পাদক মুকুল রানা সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভা শেষে মহান ভাষা আন্দোলনে শাহাদাতবরণকারী বীর শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া করা হয় এবং উপস্থিত সবাই ইফতারের মাধ্যমে অনুষ্ঠান শেষ করেন।

