খুলনা প্রতিনিধি
সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমন ও নিরাপত্তা জোরদারের করণীয় নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২২ ফেব্রুয়ারি) খুলনা সার্কিট হাউজের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম এমপি। খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আ.স.ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ।
মতবিনিময় সভায় সুন্দরবন এলাকায় জলদস্যুতা দমন, বনজ সম্পদ রক্ষা, জেলেদের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো, নিয়মিত টহল জোরদার করা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
সভায় বাগেরহাট ও সাতক্ষীরা জেলার জেলা প্রশাসকগণ, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরা জেলার পুলিশ সুপারগণসহ বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড, র্যাব-৬, নৌ-পুলিশ এবং সংশ্লিষ্ট অন্যান্য দপ্তরের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সুন্দরবন অঞ্চলে জলদস্যুতা দমনে সরকারের বিভিন্ন উদ্যোগের পাশাপাশি মাঠপর্যায়ে সমন্বিত কার্যক্রম জোরদার করা জরুরি। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত অভিযান অব্যাহত রাখা এবং স্থানীয় জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.