দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়া শহরের বাইপাস সড়কে সিএনজি ও গ্যাস সিলিন্ডারবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালকসহ নিহত ৫ জনের দাফন সম্পন্ন হয়েছে পাশাপাশি কবরে। রোববার সকালে তিনজনের এবং শনিবার রাতে দু’জনের দাফন করা হয়। খাজানগর আদর্শপাড়া কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।
মর্মান্তিক এ দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ পাঁচজন নিহত হওয়ায় পুরো গ্রাম শোকে স্তব্ধ হয়ে পড়েছে। স্বজন ও প্রতিবেশীদের কান্নায় এলাকাজুড়ে নেমে আসে শোকের ছায়া। এমন হৃদয়বিদারক ঘটনা মেনে নিতে পারছেন না কেউই।
শনিবার দুপুরে যাত্রী নিয়ে একটি সিএনজি শহরের ত্রিমোহনী থেকে বাইপাস হয়ে খাজানগর নিজ গ্রামে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা একটি গ্যাস সিলিন্ডারবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরও দু’জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন—কুষ্টিয়ার খাজানগর এলাকার মৃত সিরাজুল ইসলামের দুই স্ত্রী আমেনা খাতুন (৬৫) ও কমেলা খাতুন (৬২), আমেনা খাতুনের মেয়ের জামাই ও সিএনজি চালক জাকারিয়া সরকার (৪০), প্রতিবেশী আব্দুল মালেকের ছেলে আশরাফুল (২৮) এবং আশরাফুলের স্ত্রী শিরিনা খাতুন (২০)।
মো. ইকবাল হোসেন-এর নির্দেশে নিহতদের মরদেহ একইদিন সন্ধ্যায় ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.