পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
কয়রা-পাইকগাছা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ নেতাকর্মীদের সঙ্গে নিয়ে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ঝাড়ু দিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন।
রোববার সকালে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর, বাথরুম, অপারেশন থিয়েটার, প্রসূতি বিভাগ ও জরুরি বিভাগ ঘুরে দেখেন এবং সরাসরি পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন।
এ সময় তিনি বলেন, অবহেলিত এ অঞ্চলের মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে তিনি অঙ্গীকারবদ্ধ। নির্বাচনী ইশতেহার অনুযায়ী পাইকগাছায় আধুনিক ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বর্তমান ভবনের সীমাবদ্ধতা ও ঝুঁকিপূর্ণ অবস্থা তুলে ধরে তিনি জানান, বিষয়টি ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে অবহিত করা হয়েছে।
তিনি চিকিৎসকদের উদ্দেশে বলেন, “নবীন ও প্রবীণ ডাক্তাররা সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার মাধ্যমে চিকিৎসা সেবায় দৃষ্টান্ত স্থাপন করবেন—এটাই আমার প্রত্যাশা। মানুষের দুর্দিনে যারা এখানে আসেন, তাদের সেবায় যেন কোনো ঘাটতি না থাকে।”
হাসপাতালে নিরাপদ পানি, মানসম্মত খাবার সরবরাহ, এক্স-রে মেশিন চালু রাখা, প্যাথলজি বিভাগে জনবল সংকট দূর করা এবং সার্বিক পরিচ্ছন্নতা বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরিদর্শন শেষে হাসপাতালের সম্মেলন কক্ষে চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জুনিয়র কনসালটেন্ট ডা. সুজন কুমার সরকার, অ্যানেসথেসিয়া বিভাগের ডা. জহিরুল ইসলাম, আরএমও ডা. সঞ্জয় কুমার মন্ডল, ডা. শাকিলা আফরোজসহ অন্যান্য চিকিৎসক ও নার্সরা উপস্থিত ছিলেন।
এ সময় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন। এমপি আবুল কালাম আজাদ বলেন, সবার সহযোগিতায় পাইকগাছা হাসপাতালকে একটি উন্নতমানের স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত করা হবে।

