স্টাফ রিপোর্টার, নড়াইল
নড়াইলের সদর উপজেলার বড়কুলা-সিংগা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে প্রায় ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন— খলিল শেখ (৬০), তাহাজ্জদ শেখ (৪৫), ফেরদৌস রহমান (৫০) ও ওসিবুর রহমান (৪০)।
পুলিশ সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার সিংগাশোলপুর ইউনিয়নের খায়ের মোল্যা ও উজ্জ্বল শেখের সমর্থকদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে খায়ের মোল্যার সমর্থকরা উজ্জ্বল শেখের সমর্থকদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়ভাবে তৈরি ঢাল, সড়কি, রামদা, ইট-পাটকেল ও লাঠিসোটা ব্যবহার করা হয়।
সংঘর্ষ চলাকালে উজ্জ্বল শেখের সমর্থক খলিল শেখ, তাহাজ্জদ শেখ ও ফেরদৌস রহমানকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। পরে খায়ের মোল্যার সমর্থক ওসিবুর রহমানকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।
পুলিশ সুপার, নড়াইল জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। সোমবার সকালে সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ তৎপর রয়েছে এবং এলাকায় বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.