ফেনী প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে চাচার সঙ্গে জমি বিরোধের জেরে ফেসবুক লাইভে এসে চাচার মোটরসাইকেলে অগ্নিসংযোগ করেছেন নুর আলম শামীম নামে এক যুবদলকর্মী। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
রোববার সকালে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর বাদামতলী এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম ‘Samim Akram’ নামে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের উদ্দেশে অশালীন ভাষায় বক্তব্য দেন। এ সময় তার ঘরের সামনে রাখা একটি মোটরসাইকেলে আগুন জ্বলতে দেখা যায়। ভয়ে কেউ আগুন নেভাতে এগিয়ে আসেননি। পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বসতঘরটি বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
ঘটনার সত্যতা স্বীকার করে নুর আলম শামীম বলেন, তার চাচা সিরাজুল হক দীর্ঘদিন ধরে তাদের মালিকানাধীন জমি দখল করে রেখেছেন। স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা হলেও সমাধান হয়নি। তিনি অভিযোগ করেন, রাজনৈতিকভাবে সক্রিয় থাকা সত্ত্বেও দলের পক্ষ থেকেও তিনি সহযোগিতা পাননি। চাচার সঙ্গে বিরোধের জেরে মানসিক চাপে তার বৃদ্ধ পিতা স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হয়েছেন বলেও দাবি করেন তিনি। ক্ষোভ থেকেই এমন ঘটনা ঘটিয়েছেন বলে জানান শামীম।
অন্যদিকে তার চাচা সিরাজুল হক জমি দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, শামীম ও তার সহযোগীরা কয়েকদিন ধরে তার কাছে টাকা দাবি করে আসছিল। টাকা না পেয়ে তার মোটরসাইকেলে আগুন দেওয়া হয়েছে এবং বাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর সোনাগাজী উপজেলা শাখার সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও তিনি দেখেছেন। শামীমের এমন কাজ সঠিক হয়নি উল্লেখ করে তিনি বলেন, “ব্যক্তিগত বা পারিবারিক বিরোধের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। দলের পক্ষ থেকে এ ঘটনায় কোনো ধরনের হস্তক্ষেপ নেই।”
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিষয়টি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে বলে জানা গেছে।

