খুলনা প্রতিনিধি
পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে খুলনার তেরখাদা উপজেলা এলাকায় বাজার মনিটরিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম. সারোয়ার রাব্বী।
সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কাটেঙ্গা, জয়েসেনা ও তেরখাদা বাজারে এ মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ফল, চাল, মাংস ও মসলা বিক্রেতাদের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে মূল্যতালিকা যাচাই ও বিক্রয় কার্যক্রম পরিদর্শন করেন ইউএনও।
অভিযানকালে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ক্রেতাদেরও পণ্য কেনার সময় মূল্যতালিকা যাচাই করে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম. সারোয়ার রাব্বী বলেন, “রমজান মাসে বাজারদর স্থিতিশীল রাখতে নিয়মিত মনিটরিং ও ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। কেউ অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ সময় স্যানিটারি পরিদর্শক (ভারপ্রাপ্ত) জুয়েল রানাসহ তেরখাদা থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
অভিযানের অংশ হিসেবে জয়েসেনা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এক ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

