বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।
রোববার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের পুরান বাট্টাজোড় গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী শিফাত উল্লাহ শিফাতের পরিবারের দাবি, গত শুক্রবার শিফাতের শিশু কন্যার সঙ্গে প্রতিবেশী সদাগর মিয়ার ছেলের ঝগড়া হয়। পরে শিশুদের ওই বিরোধ অভিভাবকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এর জের ধরে রোববার সন্ধ্যায় শিফাত ও সদাগর মিয়ার মধ্যে আবারও কথা কাটাকাটি হয়।
অভিযোগ করা হয়, এ সময় সদাগর মিয়া, জিয়াউল হক, রহমত আলী, মুসলিম মিয়া, মিলন মিয়া ও রিয়াজুল হকের নেতৃত্বে একদল লোক শিফাতের বাড়িতে হামলা চালায়। হামলাকারীরা চারটি ঘরের আসবাবপত্র ভাঙচুর করে বলে অভিযোগ রয়েছে।
পরবর্তীতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে শিফাত, তার মা মাজেদা বেগম ও শফিকুল ইসলাম এবং অপর পক্ষের মিলন মিয়াসহ মোট পাঁচজন আহত হন।
হামলার সময় ঘর থেকে ৩ লাখ ২০ হাজার টাকা নগদ অর্থ ও চালের বস্তা লুট করা হয়েছে বলেও অভিযোগ করেন শিফাত।
এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মকবুল হোসেন জানান, সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

