নরসিংদী প্রতিনিধি
নরসিংদী সদর উপজেলার ভেলানগর বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়েছে।
অভিযানকালে মেসার্স আল্লাহর দান ফল বিতানে মৌসুমি ফলে ফরমালিনের উপস্থিতি পরীক্ষা করা হয়, যা ফরমালিনমুক্ত পাওয়া যায়। মাছ বাজারে বিভিন্ন প্রজাতির মাছও পরীক্ষা করা হয় এবং ফরমালিন পাওয়া যায়নি। মেসার্স মোল্লা স্টোর নামীয় মুরগির দোকানের ওজনযন্ত্রও পরিমাপে সঠিক পাওয়া যায়।
তবে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স ইসলাম ট্রেডার্সে লাইসেন্সবিহীন ও ওজনে কম ঘি বিক্রির দায়ে ৩ হাজার টাকা এবং মেসার্স সোহাগ কনফেকশনারীতে পণ্য মোড়কজাতকরণ সনদবিহীন কেক ও বিস্কুট বিক্রির দায়ে আরও ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
সেই সঙ্গে মেসার্স ভুঁইয়া স্টোরে নকল সয়াবিন তেল মজুদ করার প্রমাণ পাওয়ায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে সংশ্লিষ্ট তেল জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসন নরসিংদীর সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে মুসলিমা। উপস্থিত ছিলেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ও নরসিংদীর উপপরিচালক (সিএম) কে এম হানিফ।
প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কর্মকর্তা মো. আরিফ হোসেন আসিফ এবং কেমিক্যাল পরীক্ষক হিসেবে ছিলেন মোহাম্মদ পারভেজ মিয়া।
ভোক্তাস্বার্থ রক্ষায় এ ধরনের বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত কার্যক্রম অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

