জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা)
আশাশুনিতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুলভ মূল্যে দুধ ও ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় আশাশুনি বাজারের বাদশা হোটেল সংলগ্ন বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইদুজ্জামান হিমু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন। প্রথম দিনে ভর্তুকি মূল্যে ২৫ কেজি দুধ ও ৩০০ পিস ডিম বিক্রয় করা হয়। দুধ বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০ টাকায়, বড় ডিম ৩০ টাকায় এবং ছোট ডিম ২৮ টাকায়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী পবিত্র রমজান মাস জুড়ে আমিষের চাহিদা পূরণের জন্য এই উদ্যোগ চলমান থাকবে এবং প্রয়োজনে এর বিস্তার ঘটানো হবে। এছাড়া উপজেলা প্রশাসন নিয়মিত বাজার মনিটরিং করবে, যাতে নিত্যপণ্যের পাশাপাশি প্রাণিজ আমিষের সরবরাহ ও মূল্য স্থিতিশীল রাখা যায়।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আবদুল সালাম ও আইসিটি কর্মকর্তা আক্তার ফারুক বিল্লাল উপস্থিত ছিলেন।

