নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলার শেরপুর ইউনিয়নের শেরপুর গ্রামে দরিদ্র শিশুদের মাঝে বিনামূল্যে ধর্মীয় শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে “মৌলভী বাড়ি মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়”। প্রত্যন্ত এই গ্রামের অসচ্ছল পরিবারের সন্তানদের জন্য সম্পূর্ণ বিনা খরচে শিক্ষা নিশ্চিত করে এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, প্রাক্তন ব্যাংকার, কবি ও কথাসাহিত্যিক সুফিয়া বেগম।
জানা যায়, দীর্ঘদিন ধরে গ্রামের অনেক দরিদ্র পরিবার অর্থাভাবে সন্তানদের প্রাতিষ্ঠানিক কিংবা ধর্মীয় শিক্ষা দিতে পারছিল না। সেই বাস্তবতা বিবেচনায় নিয়ে ২০২১ সালে সুফিয়া বেগম নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন এই মক্তব ও প্রাক-প্রাথমিক বিদ্যালয়। এখানে শিশুদের কোরআন শিক্ষা, নামাজসহ মৌলিক দ্বীনি শিক্ষা এবং প্রাথমিক স্তরের পাঠদান সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়।
স্থানীয় অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এ উদ্যোগে তারা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ। তারা বলেন, “আমাদের গ্রামের মেয়েই আজ আমাদের সন্তানদের জন্য শিক্ষার দ্বার খুলে দিয়েছে। দারিদ্র্যের কারণে যেটা সম্ভব ছিল না, সুফিয়া আপার উদ্যোগে সেটাই এখন বাস্তব হয়েছে।” তারা আরও জানান, এই প্রতিষ্ঠান শুধু শিশুদের নয়, অভিভাবকদের মাঝেও শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতনতা সৃষ্টি করেছে।
প্রতিষ্ঠাতা সুফিয়া বেগম বলেন, “আমি নিজেও গ্রামে বড় হয়েছি। গ্রামের দরিদ্র শিশুদের জন্য কিছু করার ইচ্ছা থেকেই এই উদ্যোগ নিয়েছি। শুধু শিশুরাই নয়, এখানে গ্রামের বয়স্ক নারীদেরও সম্পূর্ণ বিনামূল্যে দ্বীনি শিক্ষা দেওয়া হয়। আমার লক্ষ্য—গ্রামের প্রতিটি শিশু যেন ধর্মীয় ও প্রাক-প্রাথমিক শিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠে।”
সচেতন মহলের মতে, সুফিয়া বেগমের এই মানবিক ও শিক্ষাবান্ধব উদ্যোগ গ্রামীণ সমাজে শিক্ষার প্রসারে একটি অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে। তাঁর এই প্রচেষ্টা অন্যদেরও সমাজকল্যাণমূলক কাজে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন এলাকাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মেহেদী হাসান
কার্যালয়ঃ দেশ ভিলা, বীর মুক্তিযোদ্ধা শহীদ মিয়া সড়ক, জিটি স্কুল সংলগ্ন, টুঙ্গিপাড়া, গোপালগঞ্জ।
মোবাইলঃ ০১৭১৮-৫৬৫১৫৬, ০১৯৯৫-৩৮৩২৫৫
ইমেইলঃ mehadi.news@gmail.com
Copyright © 2026 Nabadhara. All rights reserved.