ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নে ডন হিসেবে পরিচিত রাজবাড়ীর কুখ্যাত মাদক সম্রাট ও শীর্ষ সন্ত্রাসী মাধব ঘোষ (৩৬) গ্রেপ্তার হয়েছেন। গত ২২ ফেব্রুয়ারি রোববার দিবাগত রাতে নিশ্চিন্তপুর গ্রামের একটি বাগান থেকে তার সহযোগী অসীম শিকদার (২১) সহ তাকে আটক করা হয়।
ঘটনার রাতে স্থানীয় জনতা নিশ্চিন্তপুর গ্রামের গোলাম নবীর কাঁঠালবাগানে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে মাধব ও অসীমকে ঘিরে ফেলে। পরে মধুখালী থানা পুলিশকে খবর দিলে এসআই কামরুজ্জামান ও এসআই মোক্তার হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের গ্রেপ্তার করে।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১টি দেশীয় তৈরি পাইপগান ও ২টি সীসার কার্তুজ উদ্ধার করা হয়।
মধুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির মোঃ তাইজুর রহমান জানিয়েছেন, গ্রেপ্তারকৃত মাধব ঘোষ রাজবাড়ী ও আশপাশের জেলার অপরাধ জগতের এক আতঙ্কের নাম। মাদক ব্যবসা থেকে শুরু করে অস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ড—সবখানেই তার বিচরণ ছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। গ্রেপৃত মাধব ঘোষ ও তার সহযোগীকে ইতিমধ্যে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

